শুটিং করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলা সিনেমা-সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এই খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ সিনেদুনিয়া। সংবাদ প্রতিদিন ডিজিটাল-কে এই খবরের সত্যতা স্বীকার করেছেন পরিচালক সৌরভ পালোধি। তবে কীভাবে এই ঘটনা ঘটেছে সেই বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি।
তবে স্থানীয় সূত্রে খবর, রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন ৪৩ বছরের অভিনেতা। তালসারিতে জলে নামেন তিনি। সেই সময় জোয়ার চলে আসে। তখনই তলিয়ে যান বলে খবর। টেকনিশিয়ানরা উদ্ধার করেন। জলে ডুবে মৃত্যু বলেই প্রাথমিক খবর। দিঘা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। হাসপাতালে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে।

